সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলার ২টি, সৌদিয়ার ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হুথিদের হামলার পর রোববার রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিমানবন্দরটিতে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।
হুথিরা বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমানেও হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এই সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সৌদিগামী বাংলাদেশি যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

মন্তব্য করুন