রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগের ভেতর নয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-২। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

সোমবার (১২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত রাখার তথ্য পায় সংস্থাটি। পরে অভিযান চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো উদ্ধার করে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করেন।

মেজর মুবীন রহমান তাপস আরও জানান, ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল মজুতের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।