সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা হোয়াটসঅ্যাপের কয়েকটি গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন। এ ছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজ ব্যবহার করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং অবৈধ অর্থায়নের অভিযোগও আনা হয়েছে।
আবেদনে আরও দাবি করা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য কয়েকজন পলাতক নেতার সঙ্গে যোগসাজশের মাধ্যমে আওয়ামী লীগের পুনরুত্থান এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, অন্য সহযোগীদের শনাক্ত করা, অবৈধ অর্থায়নের উৎস খুঁজে বের করা, ডিজিটাল আলামত সংগ্রহ এবং মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ড প্রয়োজন।
এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়।

মন্তব্য করুন