চাঁদাবাজি, দখলদারি ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাঁকে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, বৈঠকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কঠোর। অন্যায় করে কেউ পার পেয়ে যাবেন, এমন সুযোগ দেওয়া হবে না।
প্রায় তিন ঘণ্টার এ বৈঠকে সরকারের কার্যক্রম, সংসদ পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের সমস্যা শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। চিফ হুইপ জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করতে সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করতেও বলা হয়েছে।
দলীয় প্রতীক না থাকলেও তৃণমূল পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। তবে দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মী ও সংসদ সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে।
এ ছাড়া সংসদের কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং আগামী ৭ নভেম্বর পালনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন