ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার শুটিং স্পটে সাংবাদিকদের উপস্থিতি এবং পরে তাঁর সেখান থেকে চলে যাওয়া নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নতুন সিনেমা ‘লজ্জা’র শুটিংয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত সাক্ষাৎকার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন সংবাদকর্মীরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং এম এইচ খোকনের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লজ্জা’ সিনেমা। শুক্রবার (৯ অক্টোবর) প্রযোজক আবদুল আজিজ জানান, শনিবার থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সিনেমাটির শুটিং হবে। একই সঙ্গে শনিবার সকাল ৮টায় সাংবাদিকদের সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। নুসরাত ফারিয়া ও প্রযোজক গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানানো হয়েছিল।
নির্ধারিত সময়ে শুটিং স্পটে উপস্থিত হন সাংবাদিকেরা। তবে অভিযোগ উঠেছে, সেখানে মূলত সিনেমার একটি দৃশ্য ধারণ করা হয়। এরপর অভিনেত্রী ও প্রযোজকের সাক্ষাৎকার নেওয়ার কথা থাকলেও সেই পর্ব আর হয়নি। সাক্ষাৎকারের আগেই নুসরাত ফারিয়া শুটিং স্পট ছেড়ে চলে যান। উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন নুসরাত ফারিয়া। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, শুটিং স্পটে যাওয়ার আগে আমন্ত্রণের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট শিল্পী সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে অবগত ও সম্মত কি না, তা যাচাই করে নেওয়া উচিত।
ফারিয়ার বক্তব্য, অনেক সময় সাক্ষাৎকারের আশ্বাস দিয়ে সাংবাদিকদের শুটিং স্পটে ডাকা হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন হতে পারে। শিল্পীর সম্মতি নিশ্চিত না করে সেখানে উপস্থিত হলে সংবাদকর্মীদের পেশাগত পরিচয় ও সরঞ্জাম প্রযোজনা প্রতিষ্ঠানের প্রচারের কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, সাংবাদিকেরা শুটিংয়ে এলে শিল্পীরা কথা বলবেন—এটিকে তিনি প্রচলিত রীতি হিসেবেই ধরে নিয়েছিলেন। তাই ফারিয়ার সঙ্গে আগে থেকে আলাদাভাবে আলোচনা বা অনুমতি নেওয়ার কথা তাঁর মনে হয়নি। এ ঘটনার জন্য সাংবাদিকদের কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
‘লজ্জা’ সিনেমায় নুসরাত ফারিয়ার পাশাপাশি আজমেরী হক বাঁধনের অভিনয়ের কথা রয়েছে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

মন্তব্য করুন