যৌতুক নিরোধ আইনের মামলায় গৃহবধূ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনের এক মামলায় সাজেদা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার নূর মসজিদ লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজেদা আক্তার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।
পুলিশ জানায়, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে দায়ের করা একটি নালিশি মামলায় সাজেদা আক্তারকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গত ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
