খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধ বালু মহলে অভিযানকে কেন্দ্র করে প্রশাসনের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার পূর্ব বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার সদস্যরা ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামগড়ের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পূর্ব বলিপাড়া এলাকায় অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম ও রামগড় থানার ওসি মোহাম্মদ নাজিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দেখা যায়, প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ৩০-৪০ ফুট গভীর গর্ত করে বালু তোলা হচ্ছে। প্রশাসন সেখানে ৫-৬টি বালু উত্তোলনের মেশিন ধ্বংস করে এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে। অভিযান শেষে ফেরার পথে ওৎ পেতে থাকা বালু খেকো চক্রের অনুসারীরা অতর্কিতভাবে প্রশাসনের ওপর হামলা চালায়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তার গাড়িটি ভাঙচুর করা হয়।
হামলায় গুরুতর আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামিম ও রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির। এছাড়াও সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নুর মোহাম্মদ, মো. সালাহ উদ্দীন, গাড়িচালক কামাল হোসেন এবং অফিস সহকারী জয়নাল আবেদীন আহত হন। স্থানীয়দের মধ্যে আহত হয়েছেন আজাদ, সুমন ত্রিপুরা, নুর হোসেন ও আবুল হোসেন নামে চার যুবক। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির জানান, “সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়তে বাধ্য হই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম বলেন, “৩০-৪০ ফুট গভীর গর্ত করে বালু তুলে পরিবেশের অপূরণীয় ক্ষতি করা হচ্ছিল। এই অবৈধ চক্রটিই নিজেদের অপরাধ ঢাকতে প্রশাসনের ওপর হামলা চালিয়েছে।”
খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, হামলায় ইউএনও এবং ওসি আক্রান্ত হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লামকু পাড়া, থানা চন্দ্রপাড়া ও খাগড়াবিলসহ বেশ কিছু এলাকায় মাসখানেক ধরে পুনরায় অবৈধ বালু উত্তোলন শুরু হয়েছে। এর মধ্যে পূর্ব বলিপাড়া ছিল বালু উত্তোলনের সবচেয়ে বড় পয়েন্ট। প্রশাসনের এই শক্ত অবস্থানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও, হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
