চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ সাহাদাত হোসেন ওরফে মানিক (৩২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাহাদাত হোসেন উপজেলার পোমরা আজিমনগর এলাকার মৃত সাকের আহাম্মদের ছেলে।
জানা যায়, গত রোববার (১০ মে) দিবাগত রাত ৩টার দিকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পটেটো চিপস গলির ভেতর একদল ডাকাত অস্ত্রশস্ত্র ও গাড়ি নিয়ে অবস্থান করছে। খবর পাওয়া মাত্রই রাত সোয়া ৩টার দিকে পুলিশ সেখানে বিশেষ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাহাদাত হোসেনকে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে দলের অন্য সদস্যরা পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান শেষে ঘটনাস্থলে থাকা ডাকাতদের ব্যবহৃত একটি পুরোনো কালো রঙের মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৭১৭৩) তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি ধারালো ছুরি, ১টি বড় লোহার কাটার, ১টি ধারালো দা, ৪০ ইঞ্চি লম্বা একটি লোহার সাবল এবং ২টি বড় কিরিচ। পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাহাদাতসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
