চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) ভোর ছয়টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় শ্বশুরবাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মিজানুর রহমানসহ শ্বশুরবাড়ির সকল সদস্য পলাতক রয়েছেন।

​নিহত হালিমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে। তার এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী মিজানুর রহমান পশ্চিম বরৈয়া এলাকার কালু মাঝির বাড়ির নবী হোসেনের ছেলে।

নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হালিমার বাবা মো. ইসহাক অভিযোগ করেন, সকালে জামাতার ফোনে আত্মহত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, হালিমার পা মাটির সাথে লেগে আছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

​তিনি আরও জানান, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন পারিবারিক কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হালিমার ওপর নির্যাতন চালাত। এ নিয়ে এর আগে কয়েকবার সামাজিক সালিশও হয়েছে। তার দাবি, হালিমাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আনোয়ারা থানার এসআই মো. বাশার জানান, পুলিশ যখন পৌঁছায় তখন নিহতের বাবার বাড়ির লোকজন থাকলেও শ্বশুরবাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি।

​আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি আত্মহত্যা না কি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে। পলাতকদের আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়াাধীন রয়েছে।”

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।