চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​অভিযানকালে তার কাছ থেকে ১৫টি দেশীয় অস্ত্র এবং ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহিদ পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার বাজালিয়া আর্মি ক্যাম্পের একটি দল গভীর রাতে তার নিজ বাসভবনে অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

​আইনি পদক্ষেপ: সাতকানিয়া বাজালিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, জাহিদ এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বর্তমানে দুটি হত্যা মামলা ও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাসহ তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​পুলিশ জানায়, তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।