চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, ৪টি ক্ষতিকর ট্রলিং জাল এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাঁশখালীর খাটখালী মোহনা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল কোস্ট গার্ডের একটি দল।
এসময় একটি ইঞ্জিনচালিত ‘আর্টিসনাল’ মাছ ধরার বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু জেলেরা সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বোটটি আটক করা সম্ভব হলেও জেলেরা সুকৌশলে পালিয়ে যায়।
আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং মাছ ধরার নিষিদ্ধ ৪টি ট্রলিং জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট ও সরঞ্জামাদির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে উদ্ধারকৃত মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।
