চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূকে স্বামী ও শাশুড়ি মিলে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে হাসপাতাল শয্যায় দেওয়া জবানবন্দিতে নিহতের দাবি—তার স্বামী ও শাশুড়ি তাকে বিষপানে বাধ্য করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ায়।

নিহত গৃহবধূর নাম আমেনা বেগম (২৪)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়ার মেয়ে এবং সাতকানিয়ার বারদোনা গ্রামের মোহাম্মদ ইউসুফের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, ২০২২ সালে পারিবারিকভাবে বিয়ের পর থেকেই আমেনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী ও শাশুড়ি।

​নিহতের ভাগ্নে মোহাম্মদ তৌসিফ জানান, গত শুক্রবার (১৬ জানুয়ারি) দিনভর আমেনার ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাকে জোর করে বিষ খাইয়ে দিয়ে স্বামী ও শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যান। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

​মৃত্যুর আগে দেওয়া জবানবন্দি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়ে আমেনা বেগম স্পষ্ট ভাষায় বলে গেছেন যে, তার স্বামী ও শাশুড়ি তাকে জোর করে বিষ খাইয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নিহত আমেনার ২ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

সাতকানিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বে এই দম্পতির পারিবারিক কলহ নিয়ে সালিশি বৈঠক হয়েছিল। তিনি বলেন, “বৈঠকে ছেলে পক্ষের আচরণ অত্যন্ত অসংলগ্ন ছিল। মেয়েটির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

​সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি তারা অবগত আছেন। নিহতের পরিবার থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।