চট্টগ্রামের সাতকানিয়ায় বেপরোয়া গতির মারছা পরিবহনের বাসের ধাক্কায় কারীনা কালাম ঐশি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ঐশি উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রবাসী আবু কালামের মেয়ে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্কুলে প্রবেশের জন্য রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মারছা বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সাতকানিয়া থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে পুলিশ এবং স্থানীয় আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

​শিক্ষার্থীদের অভিযোগ, এই সড়কে মারছা পরিবহনের বাসগুলো অত্যন্ত বেপরোয়াভাবে চলে। তারা অবিলম্বে স্কুলের সামনে স্পিড ব্রেকার স্থাপন এবং ঘাতক বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে স্পিড ব্রেকারের দাবি জানাচ্ছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

​দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।