নির্বাচনের আগে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ। তিনি বলেন, “লুট হওয়া যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো নির্বাচনের আগে কেউ বের করার সাহস পাবে না বলেই আমরা মনে করি।”

​মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্টের পর পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ১ হাজার ৩৬২টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় আড়াই লাখ গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়নি। এই অস্ত্রগুলো অপরাধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কায় রাজনৈতিক মহলে উদ্বেগ থাকলেও ডিআইজি আশ্বস্ত করে বলেন, পুলিশের অভিযান নিয়মিত চলছে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের প্রয়োজন নেই, তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এসব অস্ত্র উদ্ধারে সরকার ইতিপূর্বে বড় অঙ্কের পুরস্কারও ঘোষণা করেছে।

সম্প্রতি চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় হিন্দু, বৌদ্ধ ও পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন ডিআইজি। তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই—এটি আন্তর্জাতিকভাবে প্রমাণ করে দেশকে বিব্রত করাই ছিল হামলাকারীদের মূল লক্ষ্য। নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করতে এই অপচেষ্টা চালানো হয়েছে।”

​এই ঘটনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিআইজি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও রয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ধর্মীয় ও জাতিগত বিভেদ তৈরি করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে বড় ধরনের নাশকতা ঘটানো। ১৬-১৭ জনের একটি চক্র এই অপরাধের সাথে জড়িত, যাদের মধ্যে হিন্দু-মুসলিম-বৌদ্ধ সব ধর্মের সদস্যই রয়েছে।

আসন্ন নির্বাচন নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিআইজি পলাশ বলেন, “চট্টগ্রাম রেঞ্জের ৫৪টি আসনের কোথাও আমি কোনো চ্যালেঞ্জ বা থ্রেট অনুভব করছি না। কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র সবসময়ই থাকে, সেখানে আমাদের বাড়তি জনবল ও টহল থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান দেওয়ার প্রয়োজন নেই।”

​জঙ্গল সলিমপুরেও খুব দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।