টেকনাফ সীমান্তে মিয়ানমার অংশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোয়াইক্যং সীমান্তের শাহজাহান দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. হানিফ (২৫), তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে।

​এদিকে, টানা দুইদিন সীমান্তে হতাহতের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল রবিবারও মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা নামের এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়। একের পর এক এসব ঘটনার প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তার দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নাফ নদীতে মাছ ধরতে যান হানিফ। এসময় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় ওত পেতে থাকা মাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে হানিফ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল জানান, গতকাল শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। আজ আবার মাইন বিস্ফোরণে জেলের আহত হওয়ার ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

উখিয়া বিজিবি ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা খবর পেয়েছি নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। সীমান্তের কিছু অংশে মাইন পুঁতে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা এলাকাগুলো চিহ্নিত করার কাজ করছি।”

​টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “সীমান্তে চলমান উত্তেজনার কারণে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা পরিস্থিতি শান্ত করতে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে নিতে কাজ করছি।”

​শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।