টেকনাফ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত যুবক ক্যাম্পের ত্রাস হিসেবে পরিচিত ‘নুর কামাল বাহিনী’র প্রধান ছিলেন।

​ গত শুক্রবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ক্যাম্পে প্রভাব বিস্তার নিয়ে নুর কামাল গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ছিল ‘খালেক গ্রুপ’-এর। এর জেরে গভীর রাতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, সংঘর্ষ চলাকালে নুর কামাল গুলিবিদ্ধ হন এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। উদ্ধার করে ক্যাম্পের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

​এডিআইজি আরও জানান, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ক্যাম্প ও আশপাশের এলাকায় ডাকাতি, মাদক ব্যবসা ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

​ঘটনার পর রাতেই এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।