চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের পর মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহাব্দী নগর মহতপাড়ার হাজারী বিলের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহেদ স্থানীয় সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ওই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শাহেদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আজ সকালে বাড়ির কাছেই বিলের মধ্যে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
