চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি করে না পেয়ে তিন শ্রমিককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন— মোহাম্মদ কামাল (বদ্দারহাট এলাকার আব্দুল মান্নানের পুত্র), মোহাম্মদ সজিব ও মোহাম্মদ হাসনাইন। তারা সবাই ওই ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ সকাল ১১টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল হানা দেয়। তারা ভবনের ঠিকাদার ও মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে ওঠে এবং দেশীয় অস্ত্র দিয়ে সেখানে কর্মরত শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় তিন শ্রমিক গুরুতর জখম হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে জখম থাকলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
ঘটনার বর্ণনা দিয়ে ঠিকাদার মঞ্জুর বলেন, “এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদার জন্য চাপ দিচ্ছিল। চাঁদা না পেয়ে তারা নিরীহ শ্রমিকদের ওপর এভাবে হামলা চালাবে তা কল্পনাও করিনি। আমরা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “চাঁদাবাজির এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”এদিকে দিনের আলোতে জনাকীর্ণ এলাকায় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
