চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, গুলি ও ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইফতেখার (২৬) নামে ওই যুবককে আটক করে পুলিশ। তিনি একই এলাকার মো. ইউনুছের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইফতেখারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির ছাগলের খোয়ারে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে একটি দেশীয় এলজি, তিন রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ এবং একটি লম্বা রামদা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা (জয়ন্ত) জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।