কাজিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রি করে পুকুর ভরাটের দায়ে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ৩ ডিসেম্বর বিকেলে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রশিদপুর গ্রামের ঈদগাঁ মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফসলি জমির উপরিভাগ থেকে এক্সকাভেটরের মাধ্যমে মাটি কেটে তা পুকুর ভরাটের কাজে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সোনামুখী ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মো. মিজানুর রহমান। তিনি নিজের ফসলি জমির উপরিভাগ কেটে এক্সকাভেটরের মাধ্যমে মাটি বিক্রি করে পুকুর ভরাটের কাজে ব্যবহার করছিলেন।

এ অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।