খাগড়াছড়ি পার্বত্য জেলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এ ব্যাজ প্রদান করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় পদ বিভাজনের মাধ্যমে সৃষ্ট প্রকৃত শূন্য পদের বিপরীতে যেসব পুলিশ সদস্য পদোন্নতি পেয়েছেন, তাঁদের এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিজানুর রহমান পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) কামরুল ইসলাম।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের মধ্যে মোঃ আল আমিন খান ও মোঃ আব্দুস সাত্তার এসআই পদে, শাহাদাৎ হোসেন, জাফর আহম্মদ, মোঃ রহম আলী ও রওশনারা খাতুন এএসআই পদে এবং মোঃ তৌহিদুল ইসলাম পাটোয়ারী ও মোঃ শামীম ভূঁইয়া নায়েক পদে পদোন্নতি লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই পদোন্নতি ও স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি করবে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।