খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (রাত) সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ আবুল কালাম (৪৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আবুল কালামের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা ছাড়াও জেলার বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
