শারীরিক প্রতিবন্ধকতা কখনোই থামাতে পারেনি তার স্বপ্নের পথচলা। অদম্য ইচ্ছাশক্তি আর শিক্ষার প্রতি গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী মো. জাহেদ উদ্দীন রানা। আর এই সংগ্রামী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকার অটোরিকশাচালক মো. কামাল উদ্দীন ও রাজু আক্তার দম্পতির সন্তান রানা শারীরিকভাবে প্রতিবন্ধী। চতুর্থ শ্রেণি পর্যন্ত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেও পরবর্তীতে ধীরে ধীরে হাঁটার ক্ষমতা হারান তিনি। স্কুলজীবনে মায়ের কোলে করেই নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়েছে তাকে।

সব প্রতিকূলতা পেছনে ফেলে বর্তমানে রানা খলিলমীর ডিগ্রি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তবে পরিবারের সীমিত আয়ের কারণে তার পড়াশোনার খরচ বহন করা দিন দিন কঠিন হয়ে উঠছে। নিয়মিত কলেজে যেতে না পারায় বাড়িতে পড়াশোনার জন্য একজন গৃহশিক্ষক রাখতে হচ্ছে, যার মাসিক বেতন তিন হাজার টাকা—যা পরিবারটির জন্য বড় চাপ।

এ অবস্থায় বুধবার চারটি লিখিত আবেদন নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন রানা। ব্যস্ততার মধ্যেও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সময় নিয়ে তার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, “একজন মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী শুধুমাত্র অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি জানান, রানার অন্যান্য আবেদনও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। সহায়তা পেয়ে আবেগাপ্লুত রানা বলেন, “আগেও আবেদন করেছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। বর্তমান জেলা প্রশাসক আবেদন পাওয়ার দিনই আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি সত্যিই একজন মানবিক মানুষ।”

রানা আরও জানান, তাদের বাড়ি পুকুরসংলগ্ন হওয়ায় বর্ষা ও বন্যার সময় ঘরে পানি ঢুকে পড়ে। এ সমস্যা সমাধানে একটি ওয়াল নির্মাণসহ চারটি আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন তিনি।

সংগ্রামী এই শিক্ষার্থীর জীবনে জেলা প্রশাসনের সহানুভূতিশীল এই উদ্যোগ নতুন আশার আলো জ্বালিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।