ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে মোট ১৪৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, এসব আসনে মোট ২৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যাচাই-বাছাইয়ের আগেই জমা পড়েছে ১৪৩টি মনোনয়নপত্র।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১৩ জন মনোনয়ন ফরম নিলেও জমা দিয়েছেন ১০ জন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ফরম সংগ্রহ করেন ১৪ জন, জমা পড়েছে ৯টি। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ জন ফরম নিলেও জমা দিয়েছেন মাত্র ৫ জন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) আসনে ১১ জনের মধ্যে ১০ জন মনোনয়ন জমা দেন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে ১৬ জন ফরম সংগ্রহ করলেও জমা পড়েছে ১০টি।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৯ জনের মধ্যে ৫ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১ জনের মধ্যে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) আসনে ১১ জনের মধ্যে জমা দিয়েছেন ৯ জন।

সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে—প্রতিটিতে ২৩ জন করে। তবে জমা পড়েছে ১২টি করে মনোনয়নপত্র।

চট্টগ্রাম-১০ আসনে ১৭ জন ফরম নিলেও জমা দিয়েছেন ১১ জন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৮ জন ফরম সংগ্রহ করে জমা দেন ১১ জন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১৫ জনের মধ্যে জমা দিয়েছেন ৯ জন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে ২১ জন ফরম সংগ্রহ করলেও জমা পড়েছে ৯টি। চট্টগ্রাম-১৬ আসনে ১১ জন ফরম নিলেও জমা দিয়েছেন ৯ জন।

সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসনে। সেখানে ৮ জন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন মাত্র ৩ জন।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯ ও ১০ আসনে রয়েছেন বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম-১১ আসনে দায়িত্ব পালন করছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং বাকি ১০টি আসনে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালানোর সুযোগ থাকবে।র আলম
বিশেষ প্রতিনিধি