আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে হাংগার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে গঠিত নারী শান্তি সহায়ক প্লাটফর্ম ওয়েভ মৌলভীবাজারের উদ্যোগে এক আলোচনাসভা ৯ ডিসেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা রোডের জাতীয় মহিলা সংস্থার আইভী রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নারী শান্তি সহায়ক প্লাটফর্ম ওয়েভ মৌলভীবাজারের সভাপতি সুফিয়া সুলেমান কলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এর সহধর্মিণী, জেলা বিএনপির সাবেক সহসভানেত্রী রেজিনা নাসের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ডাঃ দিলশাদ পারভীন, পিস ফ্যাসিলেটর গ্রুপ পিএফজি মৌলভীবাজারের কো অর্ডিনেটর খালেদ চৌধুরী ও হাংগার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় ফিল্ড কো অর্ডিনেটর আকলিমা চৌধুরী। আলোচনায় অংশ নেন পিস ফ্যাসিলেটর গ্রুপ পিএফজি মৌলভীবাজারের উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল,উপদেষ্টা রুহেল চৌধুরী,এম্বাসেডর শেখ মাহমুদুর রহমান,পিএফজি সদস্য মুহিবুর রহমান মুহিব,ওয়েভ সদস্য পপি বেগম প্রমুখ।
আলোচকরা নারী নির্যাতন প্রতিরোধে গনসচেতনত সৃষ্টিসহ দেশের প্রতিটি থানায় নারীদের জন্য পৃথক হেল্প ডেক্স চালু, গৃহ কর্মে নিয়োজিত নারীদের শ্রমের মূল্যায়ন,স্কুলের পাঠ্যসূচীতে নারী অধিকার,জেন্ডার সচেতনতার বিষয়টি সন্নিবেশিত করার দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এর সহধর্মিণী, জেলা বিএনপির সাবেক সহসভানেত্রী রেজিনা নাসের নারী নির্যাতন প্রতিরোধে নারীদের শিক্ষিত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয়।
