গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল সার বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কাজিপুর উপজেলা প্রশাসন।২১ নভেম্বর শুক্রবার বিকেলে সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর বাজারপাড়া এলাকায় ভেজাল সার বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ সময় কাজিপুর থানা পুলিশের পক্ষে তল্লাশী পরিচালনা করেন উপ-পরিদর্শক মো: সাইফুল ইসলাম এবং তার সংগীয় ফোর্স।
ভেজাল সার বিক্রেতা হারিনাথপুর বাজারপাড়া এলাকার মো: ছোরহাব আলী শেখের পুত্র আসামী মো: হেলাল উদ্দিন (২৭) স্বীকারোক্তি হতে জানা যায় যে, তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি গোপনীয়ভাবে বগুড়ার ধূনট হতে ভেজাল সার কিনে দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করে আসছিলেন। তার থেকে ভেজাল সার কিনে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত হচ্ছিলেন।
অভিযানে তাকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ ভংঙ্গের কারণে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ২ (দুই) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করায় তাকে ভবিষ্যতে আর ভেজাল সার বিক্রি করে কৃষকের ক্ষতি না করার মুচলেকা গ্রহণ করা হয়।অভিযানে প্রায় অর্ধশতাধিক বস্তা ভেজাল সার ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়।
