জয়পুরহাটের পাঁচবিবিতে বাবা-ছেলে মিলে মোবাইল ফোন চুরির অভিযোগে বাকপ্রতিবন্ধী ছেলেকে কোমরে দড়ি বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার রতনপুর (নদীপাড়) গ্রামে। ওই প্রতিবন্ধী ছেলেটি এলাকাবাসীর সহযোগিতায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চেচড়া গ্রামের মৃত আজাহার- হামিদা বেগমের পালিত ছেলে প্রতিবন্ধী মামুনুর রশিদ মোহন (৪৭)। বুধবার বিকালে মোবাইল ফোন চুরির অভিযোগে শারীরিক নির্যাতন করে একই এলাকার বাবুল ও তার ছেলে নাজমুল। প্রতিবন্ধী ছেলেকে অমানবিক নির্যাতনে এলাকার সবাই এগিয়ে আসে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করাযন। সুষ্ঠু বিচারের আশায় রাতেই বাপ ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
রামভদ্রপুর চৌমুহনী বাজারের চা দোকানদার বাবু, এলাকার আরিফুল ও আব্দুর রহমান বলেন, আজাহার হামিদার প্রতিবন্ধী একটি ছেলে ছিল। সেই ছেলেটি পথ ভুলে দূরে কোথাও চলে যাওয়া বাড়িতে আর ফেরেনি। আজ থেকে প্রায় ১৫-১৬ বছর আগে প্রতিবন্ধী মোহন এই এলাকায় এসে ঘোরাফেরা করছিল নিজের সন্তানের কথা মনে করে হামিদা তাকে লালন-পালন করেন। মোহন প্রতিবন্ধী হলেও সবার কথা শুনতো এজন্য সবাই তাকে ভালবাসে।
এবিষয়ে অভিযুক্ত বাবুল বলেন, আমার একটি বাটন ফোন সে চুরি করেছে ফেরতের জন্য কোমরে দড়ি বেঁধে রেখে ছিলাম। আমি একটা চড় মেরেছি কিন্তু ছেলে নাজমুল হয়ত ফোন চোরকে একটু মেরেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক বলেন, প্রতিবন্ধী ছেলেকে মোবাইল চোরের অপরাধে নির্যাতনের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
