র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার থোল্লাকান্দি এলাকার বাসিন্দা। বিবাদীরা এলাকায় খুন, ডাকাতি, লুটতরাজ, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল। ভিকটিম বিবাদীদের এইসব অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করায় বিবাদীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে গত ০১/১১/২০২৫ইং তারিখ আনুমানিক রাত ২০.৪৫ ঘটিকার সময় ভিকটিম নিজ বসত বাড়ির নিচে অফিসে অবস্থানকালে ০১নং বিবাদীর নেতৃত্বে অজ্ঞাতনামা ৬০/৭০ জন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। অতঃপর ০১নং বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে ভিকটিম অচেতন হয়ে গেলে ০১নং বিবাদী তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য ভিকটিমের দিকে গুলি ছুড়লে ভিকটিম হেলে পড়ে গেলে গুলি ভিকটিমের বাম পায়ের হাঁটুর উপর লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ভিকটিমের বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন আসতে থাকলে বিবাদীরা ভিকটিমের মৃত্যু হয়েছে ধারণা করে অফিসঘর ও বসত বাড়ি হতে রাস্তায় বের হয়ে আতংক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। বিবাদীদের ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণে গ্রামের লোকজনের মধ্যে আতংক সৃষ্টি হলে ভিকটিমের বসতবাড়ির আশেপাশের প্রতিবেশীরা ভয়ে পালিয়ে যায়। তখন বিবাদীরা ভিকটিমের প্রতিবেশী চাচাতো ভাই বশির মিয়ার বাড়িসহ আনুমানিক ১০/১৫টি বসত বাড়িতে হামলা করে ভাংচুর, লুটতরাজ করে, বসত বাড়ি থেকে গরু, ছাগল, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ আনুমানিক সর্বমোট ১,৫৯,০০,০০০/- টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় ২/৩টি বসত ঘরে অগ্নি সংযোগ করে। অতঃপর বিবাদীরা যাওয়ার সময় ফাঁকা গুলি ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে এবং উচ্চস্বরে প্রাণে হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল অদ্য ১৯/১১/২০২৫ ইং তারিখ আনুমানিক ভোর ০৫.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বড়িকান্দি ইউপির নূরজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মামলানং-০৭, তারিখ-০৫/১১/২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫৩২৬/৩০৭/৪২৭/ ৪৩৬/৩৭৯/৩৮০/৫০৬ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮; এর ৩ ধারা মূলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ০২ জন এবং তদন্তে প্রাপ্ত ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১। মোঃ সাইমন আহম্মেদ (২০), পিতা- মোঃ আনারুল মিয়া, সাং- নূরজাহানপুর, ২। মোঃ আতিকুর রহমান হৃদয় (২৮), পিতা- মালন মিয়া, সাং- বড়িকান্দি এবং ৩। মোঃ বাবলু মিয়া @ জামের (২০), পিতা- আমির মিয়া, সাং- থোল্লাকান্দি, সর্ব থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।