চট্টগ্রামের লোহাগাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাকিবুল হাসান (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাইকে থাকা আরেক আরোহী সোহাগ আহত হয়েছেন।

​রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

​নিহত সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

​নিহত সাকিবের সফরসঙ্গী ‘মেঘলা’ জানান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ মোট ১৫ জন তরুণ-তরুণী তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথেই লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​”জাঙ্গালিয়া এলাকায় একটি গতিরোধকে (স্পিড ব্রেকার) বাইকের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সাকিব সেটি নিয়ে সড়কের পাশে সেতুর নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাইক চালক সাকিবুল হাসান গুরুতর আহত হন। অপর আরোহী সোহাগও আহত হয়েছেন,” জানান মেঘলা।

​আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক সাকিবুল হাসানকে ‘মৃত ঘোষণা’ করেন।

​লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত দু’জনের মধ্যে সাকিবুল হাসানকে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়। গুরুতর আহত সোহাগ নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।”

​দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, নিহত বাইকারের মরদেহ বর্তমানে লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।