সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাসী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সদস্যরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল টুকের বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে—রাধানগর এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত প্রায় ৪টা ৫৫ মিনিটে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালিয়ে যায়।

পরে তল্লাশিতে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি চটের বস্তা থেকে ১৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।