সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর মেঘাই ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত মোঃ শামীম (২৭) পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার নেছারাবাদ এলাকার আব্দুস সাত্তারের পুত্র। ওই ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনার আইনের ৪ ধারা ভঙ্গ করে ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে তাকে হাতেনাতে ধরে ফেলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।

অভিযানে অংশ নেয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড নাঈমা জাহান সুমাইয়াসহ বাংলাদেশ আর্মি কাজিপুর ক্যাম্প, কাজিপুর থানা পুলিশ, নৌ-পুলিশ সদর থানা এবং কাজিপুর আনসার গার্ডদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী।

ইউএনও বলেন, এখন থেকে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।