মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী কবীর আহমদের খুঁটির জোর কোথায়? সিলেট বিভাগের বাইরে বদলির আদেশ হলেও এখনো জুড়ীতে বহাল তবিয়তে আছেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জুড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী কবীর আহমদকে জুড়ী থেকে চট্রগ্রামে বদলি করার পর ২১মাস অতিবাহিত হলেও তিনি অবৈধভাবে প্রভাব খাটিয়ে এখনো জুড়ীতে বহাল তবিয়তে অবস্থান করে অবাধে দুর্নীতি, অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার প্রেসকাবের আয়োজনে স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তার দুর্নীতি, অনিয়মের তথ্য তুলে ধরেন জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আ: গনির পুত্র আ: রাজ্জাক।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৭ সালে তিনি ফুলতলা বাজারের ১৯.২৫ শতক ভূমিসহ একটি সমিল মাসুক আহমদের কাছ থেকে ক্রয় করেন। এরপর তিনি যথারীতি বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। ২০২২ সালের নভেম্বর মাসে পূর্বের গ্রাহক মাসুক আহমদের সমিলের পোষ্ট পেইড মিটার ৫৯৪১৪৯২৬ নিজের নামে পরিবর্তন করার জন্য তিনি আবেদন করেন। তৎকালীন আবাসিক প্রকৌশলী আনছার আলী আ: রাজ্জাকের কাছ থেকে ৩৬ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু এর জন্য কোন কাজ না করে নানা টাল বাহানা করতে থাকেন। এক পর্যায়ে তিনি জুড়ী থেকে বদলি হয়ে মৌলভীবাজার চলে যান। তার স্থলে কবীর আহমদ জুড়ীতে যোগ দেন। আ: রাজ্জাক তার সাথে যোগাযোগ করে পূর্বের ৩৬ হাজার টাকা প্রদানের প্রমাণসহ তার মিটারের নাম পরিবর্তনের দাবী জানান। কিন্তু কবীর আহমদ তাকে আরো ৩০ হাজার টাকা প্রদানের দাবী জানান। আ: রাজ্জাক তাকে ১৫হাজার টাকা দেন ও কাজ শেষ হওয়ার পর আরো ১৫হাজার টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু কবীর আহমদ মিটারের নাম পরিবর্তনের কোন কাজই করেন নি। নাম পরিবর্তন না করে সমিলে প্রি পেমেন্ট মিটার ০১০২৩০০৪৯৮৮২ প্রদান করে বাকি ১৫ হাজার টাকা দেয়ার দাবী জানান। কিন্তু মিটারের নাম পরিবর্তন না করায় আ: রাজ্জাক টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর কবীর আহমদ তাকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। ২০২৪ সালের এপ্রিলে ৩ লক্ষ ৯২ হাজার ৬৯৪ টাকার বকেয়া বিল দেয়া হয়। কিন্ত্র এ সময় তার কোন বকেয়া ছিল না।
এ ব্যাপারে কবীর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি দেড় লাখ টাকা দাবি করেন। কিন্তু আ: রাজ্জাক তাতে রাজি না হওয়ায় সিলেট বিদ্যুৎ আদালতে ৫৪১/২৪ মামলা দায়ের করেন। আ: রাজ্জাক আদালত থেকে জামিন নেয়ার পর তার হয়রানি কমেনি। প্রায়ই কবীর আহমদ সমিলে মিটার লক করে দেন। ২২০০ টাকা দিলে লক খুলে দেয়া হয়। প্রতিমাসে এভাবে মিটার লক করে কবীর আহমদ ২২০০ টাকা করে আদায় করে আসছেন। কিন্তু মিটারের নাম পরিবর্তনের কোন ব্যবস্থাই নেন নি। আ: রাজ্জাককে মামলায় তারিখ মতো হাজিরা দিতে হচ্ছে।
এ দিকে কবীর আহমদ স্থানীয় কিছু দুর্নীতিবাজ ব্যক্তিদের নিয়ে একটি সিন্ডিকেট করে অবাধে তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। মিথ্যে মামলার ভয়ে কেউ এর প্রতিবাদ করে না। জুড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী কবীর আহমদের দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে ৬৭/২০১১-২০১২ ও ৫৭/২০২৩-২০২৪ বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ প্রমানিত হওয়ায় জুড়ী থেকে সিলেট বিভাগের বাইরে চট্রগ্রামে তাকে বদলি করা হয়। কিন্তু ২১মাস অতিবাহিত হলেও তিনি অবৈধভাবে প্রভাব খাটিয়ে এখনো জুড়ীতে বহাল তবিয়তে অবস্থান করে অবাধে দুর্নীতি, অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
আ: রাজ্জাক তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ কবীর আহমদের অনিয়ম দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
