দু’দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। আজ শনিবার (৮ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে।​

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে জাহাজটি এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে পাকিস্তানের নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী, এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদক দল ব্যান্ড পরিবেশন করে।

স্বাগত জানাতে নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।​এর আগে বাংলাদেশের জলসীমায় জাহাজটি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক পরিদর্শন ​এই সফরকালে পাকিস্তানি জাহাজটির অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন।​

এছাড়াও, জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি ঘুরে দেখার সুযোগ পাবেন।

অনুরূপভাবে, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের জন্যও ‘পিএনএস সাইফ’ জাহাজটি পরিদর্শন করার সুযোগ থাকবে।​এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। আগামী ১২ নভেম্বর জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।