চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির অন্তত তিনটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন অতিক্রম করে শেখপাড়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে হঠাৎ তিনটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি কন্টেইনার বগি এবং একটি সাধারণ বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। একটি কন্টেইনার সম্পূর্ণভাবে লাইনের বাইরে চলে যায়।

ঘটনার পরপরই সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক জানান, “রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। আপাতত বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের চাকার কোনো যান্ত্রিক ত্রুটি বা লাইনের ভারসাম্যহীনতা থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-ঢাকা রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে বলে জানা গেছে।