র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম ছারফান সর্দার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাগোয়ান কান্দিরপাড়া এলাকার বাসিন্দা। ভিকটিমের প্রতিবেশী বিবাদীদের সাথে বিভিন্ন কারণে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিবাদীরা ভিকটিম ও তার পরিবারের লোকজনদেরকে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি দিত। ঘটনার দিন গত ০৯/০৯/ ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ২৩.৫০ ঘটিকার সময় বিবাদীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের দেশীয় তৈরী ধারালো হাসু, চাপাতি, রামদা, লোহার রড, বাঁশের লাঠিসহ ভিকটিমের বসত বাড়িতে উপস্থিত হয়ে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। তখন ভিকটিমের স্ত্রী ও মেয়ে বিবাদীদের বাধা প্রদান করলে বিবাদীরা ভিকটিমের স্ত্রী ও মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিলে তারা প্রাণের ভয়ে ভিকটিমেরর পিছু না নিয়ে বাড়িতে থেকে যায়। পরবর্তীতে বিবাদীরা ভিকটিমকে বাড়ির পিছনে বাঁশ বাগানের ভিতর নিয়ে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। অতঃপর ভিকটিমের পরিবার অনেক খোঁজা খুঁজি করে পরের দিন সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় বাঁশবাগানের ভিতর ভিকটিমের মৃতদেহের সন্ধান পাওয়া যায়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র‌্যাব-৩, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গত ০৫/১১/২০২৫ইং তারিখ আনুমানিক বিকাল ১৬:৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং- ০৮, তারিখ-১০/০৯/২৫ইং, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/ /৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে কুষ্টিয়ার দৌলতপুরে ‘ছারফান সর্দার’ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- আকারুজ্জামান @লেবুল মন্ডল (৪৮), পিতা- মৃত কাইমুদ্দিন মন্ডল, সাং- বাগোয়ান, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।