চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক সহিংসতা যেন থামছেই না। সর্বশেষ ঘটনায়, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির পাঁচ নেতা-কর্মী।
বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ১৪ বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁর বুক ও শরীরের একাধিক স্থানে গুলির আঘাত রয়েছে।
ক্রমান্বয়ে নাম পরিচয় আঘাতের ধরণ ও বর্তমান অবস্থাঃ
১। আবদুল্লাহ সুমন, রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, বুক ও শরীরে গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক।
২। মো. ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি, গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর।
৩। খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক, গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর।
৪। রুবেল হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর।
৫। মোহাম্মদ সোহেল, বিএনপি কর্মী।
হামলার বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা সরাসরি বিরোধী রাজনৈতিক দলের সশস্ত্র অনুসারীদের দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই প্রতিপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে। স্থানীয় নেতারা হামলার নেতৃত্বদানকারী হিসেবে কয়েকজনের নামও উল্লেখ করেছেন, তবে পুলিশ তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “আমাদের শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষ হতেই অতর্কিতে হামলা চালানো হয়। এটা গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ এবং রাউজানকে রাজনৈতিকভাবে অস্থির করে তোলার ষড়যন্ত্র।”
হামলার খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এই গুলিবর্ষণের ঘটনা রাউজানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর এই এলাকাতেই রাজনৈতিক সহিংসতায় একজন নিহত হন। এর আগে ৭ অক্টোবর আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ধারাবাহিক এই সংঘর্ষের ফলে রাউজান এখন রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের সহিংসতা স্থানীয় রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র করে তুলতে পারে।
