চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পৌর সদরের ইয়াকুবনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

​সীতাকুণ্ড জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ) ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার গভীর রাতে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এক নারীর ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে জিআরপি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে।

​এসআই আশরাফ ছিদ্দিক আরও জানান, নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরনে ছিল একটি গোলাপী পেটিকোট এবং হলুদ রঙের ব্লাউজ। পোশাকের বর্ণনা ছাড়া তার পরিচয় শনাক্ত করার মতো আর কোনো তথ্য পাওয়া যায়নি।

​পুলিশ কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।