নগরীর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়েছে। এই ঘটনায় অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

​শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা যায়, আহত পুলিশ সদস্যরা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩য় টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। তারা দামপাড়া পুলিশ লাইন্স থেকে সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। পথে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত ১২ জন সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।