র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০১.৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন এলাকায় টহল ডিউটি করাকালীন আদার বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন রঙ্গারচর ইউপির রঙ্গারচর সাকিনস্থ জনৈক কামাল উদ্দিন এর পাকা টিনশেডের বসতঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৪ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরবর্তীতে ধৃত ব্যক্তিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের হেফাজতে আমদানি নিষিদ্ধ বিদেশী মদ এবং শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় বিড়ি রয়েছে। অতঃপর ধৃত ব্যক্তি কামাল উদ্দিন এর বসত ঘরের উত্তর-পূর্ব পাশের রুমের ভিতর তল্লাশি করে খাটের নিচ হতে ০৩টি প্লাস্টিকের বস্তার মধ্যে ৩৮৭ বোতল বিদেশী মদ ও ০১টি খাকী রংয়ের কার্টুনের ভিতর ৪০টি প্যাকেটে ২০,০০০(বিশ হাজার) পিস শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় বিড়ি উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। কামাল উদ্দিন (৫৫), পিতা- মৃত আব্দুস সামাদ, ২। বোরহান উদ্দিন (৩৫), পিতা- ফজর আলী, উভয় সাং- রঙ্গারচর, ৩। আলিম উদ্দিন (৪৫), পিতা- মৃত চেরাগ আলী, সাং- হরিণাপাটি এবং ৪। নওশাদ মিয়া (৪০), পিতা- মৃত ঈদু মিয়া, সাং- সিংপুরহাটি, সর্ব- ইউপি-রঙ্গারচর, থানা- সদর, জেলা-সুনামগঞ্জ।

গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে আমদানি নিষিদ্ধ বিদেশী মদ এবং শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় পাতার বিড়ি সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারা মোতাবেক মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।