চট্টগ্রাম নগরীর সাগরিকা রেলগেট এলাকায় চালবাহী ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হক (৬০) নামের একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

​মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হওয়ার সময় একটি দ্রুতগামী চালবাহী ট্রাক এটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী শামসুল হক চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের তীব্র ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার উল্টে যায়। ​নিহত শামসুল হক পাহাড়তলী থানাধীন দিদার কলোনির শওকত গ্যারেজ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

​চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন এবং এই দুর্ঘটনার কারণে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

​অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত শামসুল হককে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাটি লবণ ফ্যাক্টরি রেল গেট এলাকায় ঘটেছে।