চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের একটি স্টোররুমে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অল্প সময়ের মধ্যে আগুন নির্বাপণ করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোরে পাঁচলাইশ থানার অভ্যন্তরে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। তাদের সম্মিলিত চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, থানার স্টোররুমটিতেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি বলেন, “আগুন লাগার পরপরই দ্রুত তা নিভিয়ে ফেলার চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নির্বাপণ করা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
