চট্টগ্রামের সাতকানিয়ায় এক ঘৃণ্য অপরাধের ঘটনা ঘটেছে। সেখানে প্রতিবেশী মো. শওকত (২৫) নামে এক যুবক ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা সৈয়দপাড়াস্থ ধর্ষিতার বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শওকত ভুক্তভোগী বৃদ্ধার প্রতিবেশী ‘নাতি’ হিসেবে পরিচিত। সে এই পরিচয়ের সুযোগ নিয়ে প্রায়ই বৃদ্ধার ঘরে আসা-যাওয়া করত। ঘটনার দিন বৃদ্ধা যখন ঘরে একা পান্তা ভাত খাচ্ছিলেন, তখন শওকত ঘরে ঢুকে তাঁর মুখ চেপে ধরে এবং খাটের ওপর জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে শওকতকে আটক করে।
পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ ভুক্তভোগী বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার পর ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণের শিকার বৃদ্ধা বাদী হয়ে শওকতকে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
