দিনাজপুরের ফুলবাড়ীতে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও পরিত্যাক্ত ভবন নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজশে কোন বিজ্ঞাপণ বা প্রচার-প্রচারণা ছাড়াই ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬টি টিনসেড ভবন, ৬টি পাকা শ্রেণিকক্ষ ও ১টি টয়লেট এবং ১০টি খাড়া গাছ ও কিছু গাছের গুড়ি বিক্রি হয়েছে। সরকারি মূল্য, বিক্রয় মূল্য কিছুই প্রকাশ করা হয়নি। জানতে চাইলে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহীদুল বারী খান ৮ অক্টোবর ব্যক্তিগত সুবিধা নিয়ে তার কাছের লোকদের নামমাত্র মূল্যে অবৈধ ভাবে সিন্ডিকেটের মাধ্যমে এসব ভবন ও গাছ বিক্রি করেছেন। অন্যদিকে নিলামের নিয়ম বহির্ভুতভাবে প্রায় দেড় লাখ টাকার সিডিউল বিক্রি করেছেন। উন্মুক্ত নিলামের জন্য কীভাবে সিডিউল বিক্রি করতে পারেন, এর কোন সদুত্তোর নেই।
এদিকে নামমাত্র মূল্যে এসব ভবন ক্রয় করে ওই দিনই কয়েকগুণ টাকায় বিক্রি করেন ক্রেতারা। সরকারি মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সরকারি মূল্য কত তাও প্রকাশ করা হয়নি। গোপন সূত্রে জানা যায়, ১০টি গাছ ও কিছু গুড়ি সরকারি মূল্য ধরা হয়েছিল ৯৬ হাজার টাকা, তবে বিক্রি করা হয় ১লাখ ১০ হাজার টাকায়। ওই গাছ একই দিনে ২লাখ ৩৬ হাজার টাকায় বিক্রি করে মূল ক্রেতা। এভাবে সরকারি ভবন নামমাত্র টাকায় নিলামে বিক্রি করায় সিন্ডিকেটকারীরা হচ্ছে আঙুল ফুলে কলাগাছ। আর সরকার বঞ্চিত হচ্ছে কাঙ্খিত রাজস্ব থেকে। এতে প্রকৃত ব্যবসায়ী ও জনমনে শিক্ষা অফিসারের কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, উপজেলার সিদ্দিশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি পাকা শ্রেণিকক্ষ, উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ভবন, এলুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ভবন ও একটি টয়লেট, পুখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ভবন, বারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ভবন, দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ভবন, পলিশিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা শ্রেণিকক্ষ, বলিভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ভবন, কাজিহাল ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা শ্রেণিকক্ষ, নিরানকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা শ্রেণিকক্ষ বিক্রয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা শিক্ষা অফিস। ৮ অক্টোবর অনিয়মের মাধ্যমে এসব ভবন বিক্রয় করা হয়।
এদিকে অনুসন্ধানে জানা যায়, উপজেলা শিক্ষা অফিসারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সিন্ডিকেট করে ১৩৯টি শিডিউলের মধ্যে ৩ প্রতিষ্ঠানের নামে মাত্র ১০টি শিডিউল জমা দেয়। এতে তারা ইচ্ছামত দর প্রদান করেন। সরকারি মূল্যের সাথে নামমাত্র মূল্য যোগ করে তাদের নামে টেন্ডার বের করেন। পরে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে সাড়ে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, শিক্ষা অফিসার বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও গাছ বিক্রিতে হযবরল করে ফেলেছেন। তিনি সবাইকে ধোঁয়াশার মধ্যে রেখেছেন। এটা উন্মুক্ত নিলাম নাকি দরপত্র তা স্পষ্ট নয়। নিলামে সাধারণত ব্যবসায়ীদেরকে চিঠি দেয়া, মাইকিং করা, প্রচার প্রচারণা করা হয়। এখানে যেহেতু এসব করা হয়নি বরং প্রতিটি সিডিউল ১হাজার টাকা দরে বিক্রিও করা হয়েছে তাই এটাকে নিলাম বলা যাচ্ছে না। আবার, যেহেতু পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়নি, পিপিআর নিয়ম মানা হয়নি কাজেই এটি দরপত্রও বলা যাবেনা। এটি মূলত ব্যক্তিগত সুবিধা নিয়ে নির্দিষ্ট কাউকে ব্যবসা করার সুযোগ করে দেয়া।
বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানের কোন ভবন বা গাছ বিক্রয় করার সময় উপজেলা পরিষদে সবার উপস্থিতে প্রকাশ্যে ডাকের মাধ্যমে বিক্রয় করা হত। সর্বোচ্চ দর দাতাকে জনসম্মুখে ক্রেতা হিসেবে ঘোষণা করা হত। কিন্তু এবার এসবের তোয়াক্কা করা হয়নি। শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দেয়ালে নাম স্বর্বস্ব একটি নোটিশ দেয়া হয়। নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধা দিতে উপজেলা প্রশাসনের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে, উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে কিংবা উপজেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়নি। ফলে অনেক ব্যবসায়ী নিলামে অংশ নিতে পারেননি। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শহীদুল বারী খান ব্যক্তিগত সুবিধা নিয়েই অতি গোপনে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানান তারা। অতি দ্রুত এ অবৈধ নিলাম বাতিলের দাবিও জানান তারা।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শহীদুল বারী খান এর দপ্তরে একাধিক বার গেলেও তিনি মাসিক সমন্বয় মিটিংয়ে আছেন বলে জানানো হয়। পরে বিকেল ৪টায় তার অফিসে গেলে তিনি তার কর্মচারীর মাধ্যমে অর্থের বিনিময়ে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন। নিলামের বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন; অন্যথায় কোন তথ্য দিবেন না বলে জানিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, বিষয়টি সম্পূর্ণ শিক্ষা অফিসের ব্যাপার। আমি সহযোগিতা করেছি মাত্র। নির্ধারিত মূল্য কত টাকা এবং কত টাকায় বিক্রয় হয়েছে বিস্তারিত তথ্য তারাই দিতে পারবে। প্রয়োজন হলে আগামী সোমবার অফিসে আসবেন বিস্তারিত জানাতে পারবো।
