রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা এবং বৈশ্বিক অর্থনীতির প্রভাবে গত এক বছরে চট্টগ্রামের শিল্পাঞ্চলে নেমে এসেছে তীব্র স্থবিরতা। পোশাক ও ইস্পাত শিল্পসহ বিভিন্ন খাতের ১১৭টি কারখানা স্থায়ী ও অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে ৫১ হাজার শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। উদ্বেগজনক এই তথ্য উঠে এসেছে চট্টগ্রাম শিল্প পুলিশের তৈরি করা এক তালিকায়।
শিল্প পুলিশের তালিকা অনুযায়ী, গত এক বছরে চট্টগ্রামে ৫০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে, যার শ্রমিক সংখ্যা ৮ হাজার ৭৪৩ জন। এছাড়া ৬৭টি কারখানা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে, যেখানে কর্মরত ছিলেন প্রায় ৪৩ হাজার শ্রমিক। সব মিলিয়ে স্থায়ী ও অস্থায়ীভাবে বন্ধ থাকা এই ১১৪টি কারখানার ৫১ হাজার শ্রমিক বেকারত্বের শিকার হয়েছেন।
বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক মালিকানাধীন আরামিট গ্রুপের তিনটি প্রতিষ্ঠান এবং আলোচিত শিল্পগোষ্ঠী নাসা গ্রুপের দুটি প্রতিষ্ঠানও রয়েছে।
বন্ধের কারণ: আর্থিক সংকট, এলসি জটিলতা ও অর্ডার স্বল্পতা
শিল্প পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানা বন্ধের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে: তীব্র আর্থিক সংকট ও ব্যাংকের উচ্চ ঋণ। ব্যাংক থেকে নতুন ঋণ না পাওয়া। আমদানি-রপ্তানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) জটিলতা।
বৈশ্বিক বাজারে কাজের অর্ডার কমে যাওয়া।
তবে, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন নিশ্চিত করেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করে দিয়েছে।
পোশাক শিল্পে তীব্র ধাক্কাঃ বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই পোশাক সংশ্লিষ্ট। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ২২টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১০ মাসেই বন্ধ হয়েছে ১১টি।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী এই পরিস্থিতিকে ‘অনেক ডিফিকাল্ট’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মার্কিন ট্যারিফ ঘোষণার পর অর্ডার ও দাম কমেছে। এছাড়া ব্যাংক একীভূতকরণের কারণে এলসি খোলা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। অনেক কারখানা মালিক বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
ইপিজেড ও আরামিট গ্রুপঃ বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম ইপিজেডেও ৪টি কারখানা বন্ধ হয়ে গেছে, যেখানে প্রায় ৪ হাজার ৮১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে নাসা গ্রুপের মালিকানাধীন টয় উড (বিডি) কোম্পানি লিমিটেড ও এমএনসি অ্যাপারেলস লিমিটেড অন্যতম।
স্থায়ীভাবে বন্ধ হওয়া কারখানার তালিকায় আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের আরামিট থাই অ্যালুমিনিয়াম, আরামিট ফুটওয়্যার ও আরামিট পাওয়ার লিমিটেড। আর্থিক অসচ্ছলতা ও কাঁচামাল সংকটের কারণ দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে এই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।
জাহাজ ভাঙা শিল্পে স্থবিরতাঃ গত এক বছরে ১৩টি শিপ ব্রেকিং ইয়ার্ড ও স্টিলমিলও স্থায়ীভাবে বন্ধ হয়েছে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহ-সভাপতি জহিরুল ইসলাম রিংকু জানান, হংকং কনভেনশন অনুযায়ী গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের নির্দেশনা মানতে না পারা এবং ব্যাংক থেকে এলসি না পাওয়ায় জাহাজ আমদানি তীব্রভাবে কমে গেছে। এর ফলে অনেক শিপইয়ার্ড কাজ বন্ধ রেখেছে।
শ্রমিক অসন্তোষের ৭০ ঘটনাঃ কারখানা বন্ধের পাশাপাশি গত এক বছরে ৭০টি কারখানায় ৩১৫ বার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে বলেও শিল্প পুলিশের কাছে তথ্য রয়েছে। এর মধ্যে গত ১৪ ও ১৫ অক্টোবর প্যাসিফিক গ্রুপের কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল।
