“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. কামরুল হাসান, সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই প্রবোধ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে আমির মো. এনাম খান, মাও. জুহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সিফাত বিন রহমান, সুক এর পরিচালক আব্দুল মুমিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়তে পুলিশ, পরিবহন শ্রমিক, মালিক ও যাত্রী—সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
