দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন- বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭), তিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বরগুনা পৌরসভার চর কলোনি মহল্লার মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮), তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, তাদের দুজনের বিরুদ্ধেই ঢাকার রমনা থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। পাশাপাশি নিজ নিজ থানায় দুটি করে পৃথক মামলারও পলাতক আসামি তারা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভেলারপাড়া এলাকায় তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।
