রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকা থেকে একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার অস্ত্রসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (১১ অক্টোবর) রাতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

আটক ব্যক্তিরা হলেন- মনিগ্রামের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসার আড়পাড়া গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন (১৯), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) এবং নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে চিৎকার শুনে গ্রামবাসী গোরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে চারজনকে আটক করে স্থানীয় মাহাতাবের বাড়িতে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে। আটকের সময় একজন পালিয়ে যায়।

লালপুরের ইব্রাহীম নামে এক ব্যক্তি জানান, তিনি বন্ধুর ডাকে বাঘায় আসেন। খেড়ুর মোড়ে চা খেয়ে ফেরার পথে ওই চারজন অস্ত্র ঠেকিয়ে তাঁর দুটি মোবাইল ফোন ও হিরো এক্সট্রিম মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেলটি বিনোদপুর বাজারে ফেলে যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানান, পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় দ্রæতবিচার আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, উপ-পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন, যেখানে জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন, মনিরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্যদিকে ইউসুফ আলী ভিকটিম এবং ইব্রাহীম সাক্ষী হিসেবে দ্রæতবিচার আইনে মামলা করেছেন, যাতে আটজনকে আসামি করা হয়েছে।