কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে সশস্ত্র ডাকাতি: বিয়ের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট; পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ।
রবিবার (১২ অক্টোবর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত একটি বিয়ে বাড়িতে প্রবেশ করে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লক্ষাধিক টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নিয়ে গেছে। এর চেয়েও গুরুতর অভিযোগ উঠেছে ঘটনাস্থলের খুব কাছেই পুলিশ উপস্থিত থাকলেও তারা ডাকাতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। ডাকাতরা ঘটনাস্থলে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি ফেলে যায়, যা পরবর্তীতে উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ: ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত আরিফুল ইসলামের বিয়ের অনুষ্ঠান ছিল। আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টার থেকে অনুষ্ঠান শেষে পরিবারটি রাত দেড়টার দিকে বাড়ি ফেরে। এর কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরিহিত আটজন ব্যক্তি নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে অস্ত্র হাতে বাড়িতে প্রবেশ করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির নারী-পুরুষ সবাইকে একটি কক্ষে আটকে রাখে। এরপর আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন: বাড়ির মালিক ও ভুক্তভোগী আরিফুল ইসলাম এবং তার পরিবার অভিযোগ করেন, ডাকাতির সময় পুলিশ তাদের বাড়ির কাছেই অবস্থান করছিল। ডাকাতদের সাথে মুখোমুখি পরিস্থিতি তৈরি হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ সদস্যরা পিছু হটে যায় বলেও তারা দাবি করেন।
পরিবারের সদস্যরা জানান, পরে তারা নিজেরাই ব্যক্তিগত গাড়িতে ডাকাতদের পিছু ধাওয়া করেন, কিন্তু ডাকাত দল শান্তিরহাট এলাকা দিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য সাদা গেঞ্জি ও জিন্স পরিহিত অবস্থায় আগেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.জামাল উদ্দিন চৌধুরী জানান, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি, তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।” স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ সম্পত্তি লুটের এই ঘটনা এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
