লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জীবিত ও সবল গাছকে ‘মৃত্যুর সনদ’ দেখিয়ে নিলাম আহ্বানের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রশাসন তড়িঘড়ি করে নিলাম স্থগিত ঘোষণা করেছে।

উপজেলা পরিষদের মালিকানাধীন শিশু পার্ক চত্বরসহ উপজেলা চত্বরে থাকা ২৪টি মূল্যবান গাছ ঝড়ে মাথা ভেঙে পড়া ও মৃত্যু দেখিয়ে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ওয়েবসাইটে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

১৩৪২ নম্বর স্বারকে উপজেলা প্রশাসক জাকিয়া সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জারুল, মেহগনি, আকাশমনি, শিশু, কড়ই, শিমুল, কাঠাল ও পিতরাজ প্রজাতির গাছ নিলামের কথা উল্লেখ ছিল। নিলামের সিডিউল বিক্রির শেষ তারিখ ৯ অক্টোবর এবং দাখিলের সময়সীমা ১৩ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ম না মেনে সিন্ডিকেট করে নিলাম প্রক্রিয়া শুরু করা হয়। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আরিফুল ইসলাম সিডিউল বিক্রির দায়িত্ব নেন—যদিও তিনি উপজেলা পরিষদে কর্মরত নন। ঐ সময় উপজেলা পরিষদের সিএ হাবিবুর রহমানকে অন্যত্র ব্যস্ত থাকতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ঘোষিত ২৪টি গাছের বেশিরভাগই জীবিত ও সবল অবস্থায় রয়েছে। শিশু পার্কের এসব গাছ কেটে ফেলা হলে পার্কের ছায়াশীতল পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা স্থানীয়দের।

পার্কে ঘুরতে আসা স্থানীয় যুবক রুবেল ও রুম্মান বলেন, “সব গাছই জীবিত, একটাও মরা নয়। এগুলো কেটে ফেললে পার্কের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হয়।

একজন স্থানীয় সংবাদকর্মী তার ফেসবুক ওয়ালে বিষয়টি তুলে ধরলে দ্রুত জেলা প্রশাসনের নজরে আসে ঘটনা। এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার স্বাক্ষরিত নতুন ১৪৩৬ নম্বর স্বারকে ‘অনিবার্য কারণবশত’ নিলাম স্থগিতের ঘোষণা জারি করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে স্থগিতের কোনো কারণ বা পুনঃনিলামের সময় উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “গাছগুলো মৃত্যু দেখানো হয়নি, ঝুকিপূর্ণ দেখানো হয়েছে। এখানকার বেশিরভাগ গাছগুলো পোকা খাওয়া এবং ঝুকিপূর্ণ। বনবিভাগের কর্মকর্তারা এগুলো দেখে পোকা খাওয়া এবং ঝুকিপূর্ণ বলে স্টিমেট করেছেন, ফলে প্রসেস অনুযায়ী জেলায় পাঠিয়ে জেলা প্রশাসকের অনুমোদন নিয়েছি।”

তদন্তে জানা গেছে, আরিফুল ইসলাম তিন মাস আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগ দেন। যোগদানের পর থেকেই তিনি উপজেলা পরিষদের সিএ ও অফিস সহায়কের দুই পদেই দায়িত্ব পালন করছেন—যদিও নিয়ম অনুযায়ী তা সম্ভব নয়।

উপজেলা পরিষদের সিএ হাবিবুর রহমান বলেন, স্যার (ইউএনও) কাজ ভাগ করে দিয়েছেন। আমাকে যদি অন্য কাজ দিয়ে বেতন দেন, তাতে আমার সমস্যা কোথায়? আমি যে কাজ পাই, সেটাই করি।”

আরিফুল ইসলাম বলেন, “আমাদের যেখানে কাজ দেওয়া হয়, সেখানে করি। কালীগঞ্জে আমার যোগদান তিন মাস আগে, আর উপজেলা পরিষদের দায়িত্ব নিয়েছি এক মাস ধরে।”

জানা গেছে, তার পূর্বের কর্মস্থলে সাড়ে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ নিষ্পত্তির আগেই তাকে কালীগঞ্জে বদলি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জে যোগদানের পর তিনি ইউএনও-কে ভুল তথ্য দিয়ে নিজের সুবিধামতো দায়িত্ব নিয়ে সিন্ডিকেট তৈরি করেছেন।

অভিযোগ রয়েছে, উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বর্ধনের নামে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়ম বহির্ভূতভাবে বাস্তবায়ন হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ‘কনডেম বিল্ডিং’ হিসেবে অনুমোদিত থাকলেও সেখানে মেরামত ও সংস্কারের নামে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

তাছাড়া উপজেলা পরিষদের তিন ইউনিটের গ্রেজেটেড কোয়ার্টার সম্পূর্ণ ইউনিট ভাড়া না দিয়ে “ম্যাচ” হিসেবে ব্যবহার করা হচ্ছে। একজন সরকারি কর্মচারী ওই ম্যাচ পরিচালনা করছেন, যা সরকারি বিধিবিধানের পরিপন্থী। এতে সরকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় এক সমাজকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,উপজেলায় আরিফুলকে কেন্দ্র করেই একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয়। তারা নিয়ম-নীতি মানে না, বরং কর্মকর্তাদের বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ হাসিল করে যাচ্ছে।”

স্থানীয় সচেতন মহল ঘটনাটির স্বচ্ছ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

কালীগঞ্জের এক সিনিয়র শিক্ষক বলেন, “একজন অফিস সহায়ক কীভাবে একসঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করেন, তা প্রশাসনিকভাবে অগ্রহণযোগ্য। এই ঘটনার মাধ্যমে সরকারি সম্পদ নষ্টের বড় আশঙ্কা তৈরি হয়েছে।”

জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “গাছ নিলাম স্থগিতের পর বিষয়টি উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।”

স্থানীয়দের আশা—প্রশাসনের দ্রুত পদক্ষেপে শিশু পার্কের সবুজ গাছগুলো রক্ষা পাবে এবং সরকারি সম্পদ রক্ষায় অনিয়মকারীরা বিচারের মুখোমুখি করতে হবে।