ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরো ২ জন।

শনিবার (৪ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে তারা মারা যান।

মৃতরা হলেন বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের জেলা শহরের লাইফ কেয়ার নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তারা মারা যান। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।